মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

0
মোহাম্মদপুরে মা-মেয়ে জোড়া খুন: প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গৃহকর্মীকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় এই নৃশংস জোড়া খুনের ঘটনা ঘটে। নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

যেভাবে সন্দেহ ঘনীভূত হয়: মামলার এজাহার অনুযায়ী, বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। স্বজনেরা জোড়া খুনের সঙ্গে চার দিন আগে আয়েশা পরিচয়ে কাজে যোগ দেওয়া প্রায় ২০ বছর বয়সী এই তরুণীকে প্রধান সন্দেহভাজন হিসেবে মনে করেন।

ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে পালিয়ে যান।

তদন্তসূত্র বলছে, সুরতহাল প্রতিবেদনে লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, তাকে জিজ্ঞাসাবাদেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। ওসি মেজবাহ উদ্দিন জানিয়েছেন, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। মা ও মেয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে নাটোরে দাফন করা হয়েছে।