মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের দায়িত্ব শেষে মোংলা বন্দরের নেতৃত্বে; উন্নয়ন, আয় বৃদ্ধি ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর ওপর জোর

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা,লোকসমাজ : মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। রোববার (৭ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি পূর্ববর্তী চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব গ্রহণের আগে রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান বন্দরের সদস্য, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সিবিএ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় বন্দরের চলমান ও অসমাপ্ত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন প্রশাসনিক ও অপারেশনাল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় তিনি বন্দরের উন্নয়ন ত্বরান্বিত করা, প্রশাসনিক জটিলতা হ্রাস, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যয় সংকোচনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। বন্দর ব্যবহারকারীদের সঙ্গে দ্রুত মতবিনিময় সভা আয়োজনের আগ্রহও প্রকাশ করেন তিনি।

রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জাহাজ ও নৌঘাঁটির অধিনায়ক, প্রশিক্ষক ও স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর ফ্রিগেট বানৌজা ওমর ফারুক এবং বানৌজা সমুদ্র জয়ের ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক প্রশাসনিক ও অপারেশনাল অভিজ্ঞতা অর্জন করেছেন।