মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, সংঘর্ষে আহত অন্তত ১৫

নিখোঁজ এক যুবকের সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ নিখোঁজ এক যুবকের সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের হারবারিয়া স্টেশনে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোস্টগার্ড সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত কোস্টগার্ড, পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্র জানায়, জয়মনির ঘোল এলাকার মিরাজ শেখ (৩২) গত ১০ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। তার স্বজনদের দাবি, কোস্টগার্ডের পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছিল। তবে কোস্টগার্ড শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মিরাজ শেখের সন্ধানের দাবিতে তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতার একটি অংশ কোস্টগার্ডের হারবারিয়া চেকপোস্ট ও স্টেশনে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা কোস্টগার্ডের স্পিডবোট, পন্টুন অফিসসহ বিভিন্ন সরকারি স্থাপনা ও মালামাল ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কোস্টগার্ড সদস্যদের ওপরও হামলা চালানো হয়, যাতে কয়েকজন সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড সদস্যরা কয়েক রাউন্ড ব্ল্যাঙ্ক কার্টিজ নিক্ষেপ করেন। এসব কার্টিজে প্রাণঘাতী গুলি না থাকলেও গুলির মতো শব্দ সৃষ্টি হয়।

খবর পেয়ে অতিরিক্ত কোস্টগার্ড, পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নারী-পুরুষসহ অন্তত ১০ জন গ্রামবাসী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, “ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। পরে স্থানীয়দের কাছ থেকে কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুরের বিষয়টি জানতে পেরেছি।”

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।”

এদিকে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, জয়মনির ঘোলে অবস্থিত কোস্টগার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এতে দায়িত্ব পালনরত কয়েকজন সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক তদন্ত ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও অপপ্রচার চালাচ্ছে।