মেসেঞ্জারে আপত্তিকর স্ক্রিনশট ছড়িয়ে পড়ায় শাবিপ্রবির ছাত্রশক্তি নেতা পদচ্যুত

0
মেসেঞ্জারে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ার জেরে পদ হারালেন শাবিপ্রবি ছাত্রশক্তি নেতা সাজিদ ।। ছবি: সংগৃহীত

ফেসবুক মেসেঞ্জারে নারী শিক্ষার্থী ও কিশোরীদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পদক্ষেপ নিয়েছে জাতীয় ছাত্রশক্তি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে এনসিপির এই ছাত্রসংগঠনটি।

শুক্রবার (৩১ জুলাই) রাতে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন শাবিপ্রবি ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। পদচ্যুত সাজিদ শাবিপ্রবির কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজে সাজিদের মেসেঞ্জার চ্যাটের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করা হয়। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীসহ কিশোরীদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ধর্ষণের মতো বিষয় নিয়ে কথাবার্তা দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি করে।

ঘটনার বিষয়ে সাজিদ আহমেদ মোল্লা চ্যাটের কথা স্বীকার করে জানান, এটি এক বছর আগের ঘটনা এবং তাঁর খালাতো ভাইয়ের সঙ্গে কথোপকথন। তাঁর দাবি, ভিন্ন উদ্দেশ্যে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা বাস্তব ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। তবে সংগঠন তদন্তের স্বার্থে তাঁকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছে বলে জানান তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান জানান, বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনাটি ভাইরাল হওয়ার পর নিরাপত্তার আশঙ্কায় সাজিদ মুঠোফোনে প্রক্টরের কাছে নিরাপত্তা চেয়েছেন। এ বিষয়ে যদি কোনো অভিযোগ আসে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।