বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু

0
কাজীপাড়া বউবাজার এলাকায় দুই গাড়ির সংঘর্ষ: কাহালুতে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ থেকে ৪ মরদেহ উদ্ধার ।। ছবি: সংগৃহীত
বগুড়ার কাহালুতে একটি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কেবল একজনের পরিচয় পাওয়া গেছে, তাঁর নাম লুৎফর রহমান। তাৎক্ষণিকভাবে বাকি তিনজনের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের মধ্যে পিকআপটির চালক, হেলপার এবং দুইজন মাছ ব্যবসায়ী রয়েছেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নওগাঁয় মাছ বিক্রি শেষ করে পিকআপটি বগুড়ার দিকে ফিরে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক (বগুড়া) থেকে আসা একটি নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং কাহালু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত চারজনের মধ্যে লুৎফর রহমান নামের একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।