মার্কিন বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

0
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।। ছবি: সংগৃহীত
বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন প্রথম সারির কর্মকর্তার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে।
প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর সাথে ধারাবাহিকভাবে বৈঠকে অংশ নেবেন।

শনিবার (১ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এর আগে সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে তাদের আহ্বান জানান।

সাক্ষাতের বিষয়ে মুখপাত্র মাহদী আমিন জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর দৃঢ় আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে।

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে। একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী গত প্রায় পাঁচ মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে নীতিগুলো নিয়েছেন সেটিকে সাধুবাদ জানানো হয়েছে।”

বৈঠকের মূল বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রায়, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে…বহুমাত্রিক এবং বহুপক্ষীয়, সেই সম্পর্কটাকে একটা ‘ডিপ অ্যান্ড ইকোনমিক টাইজের’ মাধ্যমে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে জানিয়েছে কীভাবে এই পার্টনারশিপের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা যায় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা দেওয়া সম্ভব হয়—সে বিষয়গুলোতে বিস্তারিত আলোচনা হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল করার বিষয়টিও তুলে ধরা হয়।

মুখপাত্র মাহদী আমিন আশা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, সেটি একটি ভিন্ন মাত্রায় যাবে এবং তার ওপর ভিত্তি করে আমরা আরো বেশি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও বিনিয়োগ এখানে আকৃষ্ট করব। বাংলাদেশে ইনশাল্লাহ আরো বেশি কর্মসংস্থান তৈরি হবে।”

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক এ পথযাত্রায় যুক্তরাষ্ট্র একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে যেভাবে ছিল, বাংলাদেশের সাথে থাকবে, পাশে থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি যে আস্থা ওনারা প্রদর্শন করেছেন, যে আত্মবিশ্বাস দেখিয়েছেন সেটার জন্য আমরা সাধুবাদ জানাই।”

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক উপস্থিত ছিলেন। এর আগে শনিবার প্রধানমন্ত্রীর সাথে স্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।