মানুষ আর আওয়ামী গুন্ডাতন্ত্র দেখতে চায় না : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর মানুষের আশা আকাঙ্খা পাল্টে গেছে। মানুষ আর আওয়ামী গুন্ডাতন্ত্র দেখতে চায় না।
শুক্রবার রাতে যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের হুশতলা মোড়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার পৃথক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দলের কেউ যদি জনগণের প্রতিপক্ষ হিসেবে অবস্থান করে তার জায়গা বিএনপিতে হবে না। পর্দার অন্তরালে থেকে কেউ যদি অনাচারে লিপ্ত হওয়ার চেষ্টা করে ওই মুহূর্ত থেকে সে আদর্শিকভাবে বিএনপি করার সক্ষমতা হারাবে। তাকে আর কোন দিন দলে স্থান দেওয়া হবে না। পরিবর্তিত পরিস্থিতির পরও দেশ বিদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র সফলে প্রহসনের জাল বিস্তার করা হচ্ছে। এ থেকে দলীয় নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে।
যৌথ কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। ৯ নম্বর সভাপতি আব্দুল ওহাব কালুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ফেরদৌস ওয়াহিদ লিটনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, বিএনপি নেতা মহিবুর রহমান হিরন, ইয়াসিন আলী, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন, নগর ছাত্রদল নেতা সাব্বির আহমেদ প্রমুখ।
অন্যাদিকে নগর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার যৌথ কর্মীসভায় ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাধারণ সম্পদাক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সাবেক যুগ্ম-সম্পাদক খায়রুল বাশার শাহীন, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা প্রমুখ।