মহেশপুর সীমান্তে ফের অন্ত্র উদ্ধার

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আবারও পিস্তল ও গুলি উদ্ধার করেছেন ৫৮ বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার টুনু মিয়ার গোডাউনের পাশের খড়ের গাদার মধ্যে থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় অস্ত্রের মালিককে আটক করা যায়নি।

মহেশপুর৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়া হয়েছে।

১৭ জুলাই মহেশপুরের জলুলী গ্রামের রিপন বিশ্বাসের ড্রাগন বাগানের পাশে একটি মোটরসাইকেল চ্যালেঞ্জ করেন মাঠিলা বিজিবি ক্যাম্পের সুবেদার শরীফ মনিরুজ্জামান। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলিসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে যান কাজিরবেড় ইউনিয়নের জীবননগরপাড়ার সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী লিটন মিয়া ওরফে পিচ্চি লিটন।

২২ জুলাই রাতে মহেশপুরের সামন্তা সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের একটি পাট ক্ষেতের পাশ থেকে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১টি বিদেশি পিস্তল (ইউএসএ), ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেন।

২৩ জুলাই ভোরে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্ত এলাকার একটি ইটভাটার পাশ থেকে ১টি বিদেশি পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বিজিবি বা থানা পুলিশ এখনও পর্যন্ত অস্ত্রের মালিকদের আটক করতে পারেনি।