মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

0

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে কুসুমপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুসুমপুর বিওপি এলাকার চাপাতলা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়।

আটকরা হলেন, ফরিদপুর জেলার সদরপুর থানার মৃত নকুল মণ্ডলের ছেলে সত্য মণ্ডল ও বাগেরহাট জেলার রামপাল থানার চাঁদপুর গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে আশিকুল ইসলাম (৪২)। একই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবির যাদবপুর ও মেদিনীপুর বিওপির পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা ও ২৬৫ পিস নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, থানায় হস্তান্তরের পর আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।