মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

0
জাতীয় সংসদ ভবনে আজ বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় দলীয় সংসদ সদস্যদের নানা বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মন্ত্রী এবং দলীয় সংসদ সদস্যদের ব্যক্তিগত আচরণ, বক্তব্য ও জীবনযাপনে মার্জিত ও সতর্ক থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শ দেন। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই সভায় দলের ২০৯ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। যাঁর যে মন্ত্রণালয় বা বিভাগ, তার বাইরে অনধিকার চর্চা করে মন্তব্য না করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। দলের নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘খাল খনন’ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, “ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এই দায়বদ্ধতার বিএনপিকেই মানুষ দেখতে চায়।”

সভায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার তরুণ সদস্যদের সময়ানুবর্তী হওয়ার নির্দেশ দিয়ে বলেন, সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। এমনকি রাস্তায় চলাচলের সময় সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন তিনি। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সবাইকে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান তিনি। সভায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়নযোগ্য বিষয়গুলো এগিয়ে নেওয়ার অঙ্গীকার করার পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের চূড়ান্ত ভার সংসদ নেতার ওপর ন্যস্ত করা হয়।