মনিরামপুরে শেয়ালের কামড়ে আহত- ৪

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে শেয়ালের আক্রমণে তিন নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে মনিরামপুরের মাছনা ও বেগমপুর গ্রামে। তবে অভিযোগ রয়েছে, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃপক্ষ প্রতিষেধক(ভ্যাকসিন) দিতে পারেনি।

কর্তৃপক্ষের দাবি একমাস ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধকের মজুত শূন্য। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগীরা বাজারের ফার্মেসি থেকে উচ্চ মূল্যে প্রতিষেধক কিনে চিকিৎসা করাচ্ছেন।

এলাকাবাসী জানায়,উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা ও বেগমপুরসহ কয়েকটি গ্রামে হঠাৎ করেই শেয়ালের উপদ্রব দেখা দিয়েছে। মাছনা গ্রামের কৃষক বুলবুল হোসেন সোমবার ফজর নামাজের জন্যে বাড়ির পাশে টিউবওয়েলে অজু করছিলেন। এ সময় হঠাৎ দুইটি শেয়াল তার ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়িয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। দুপুরে বুলবুলের স্ত্রী শাহনাজ পারভীন বাড়ির উঠানে বসে মাছ কাটছিলেন। এ সময় একটি শেয়াল তার ওপর আক্রমণ চালিয়ে হাতসহ বিভিন্ন স্থানে কামড়িয়ে জখম করে।

রোববার বিকেলে বেগমপুর গ্রামের আনিসুর রহমানের স্ত্রী রাজিয়া বেগম ও আব্দুল জলিলের স্ত্রী জাহানারা বেগম অনুরূপভাবে শেয়ালের আক্রমণে জখম হন।

মতিয়ার রহমান নামে এক ব্যক্তি জানান, ইতিমধ্যে এলাকাবাসী ধাওয়া দিয়ে একটি শেয়াল ধরে পিটিয়ে মেরে ফেলেছে।

ভুক্তভোগীরা জানান, আহতদের চিকিৎসার জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু প্রতিষেধক না থাকায় তারা বাজারের ফার্মেসি থেকে ১৩শ থেকে ১৬শ টাকা দরে প্রতিষেধক কিনে পুশ করেন।

বিষয়টি জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাইয়াজ আহমেদ ফয়সালের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু বলেন, গতমাসে স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের মজুত শেষ হয়েছে। নতুন করে সরবরাহের জন্যে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।