মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়: তারেক রহমান

0
হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়। দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করলে যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব।” শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভবিষ্যৎ সাংবাদিকতায় পূর্ণ স্বাধীনতা থাকবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা ৫ই আগস্টের আগের সেই অন্ধকার পরিস্থিতিতে আর ফিরে যেতে চাই না। গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর যে ভয়াবহ নির্যাতন হয়েছে, তা আমি জানি। আমার মা এবং দলের নেতা-কর্মীরাও নির্যাতনের বড় শিকার।”

দেশের পরিবেশগত সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একের পর এক নদী দূষিত হচ্ছে। এসব জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জাতীয় সংসদ ও বিভিন্ন সেমিনারে নিয়মিত আলোচনা হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সঠিক পথে পরিচালনার আহ্বান জানান তিনি।