ভৈরব নদ রক্ষায় রিকশা-ভ্যান শ্রমিকদের ব্যতিক্রমী উদ্যোগ, প্রতিদিন স্বেচ্ছাশ্রম দেবেন ৫০ জন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত ও পরিচ্ছন্ন করে এর হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার উদ্যোগে যুক্ত হয়েছেন শ্রমজীবী মানুষেরাও। ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমে বুধবার অংশ নিয়েছেন যশোর রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (৯৩৯)-এর অর্ধশতাধিক শ্রমিক।

শুধু এক দিনের অংশগ্রহণেই সীমাবদ্ধ না থেকে নদ রক্ষার এ উদ্যোগে নিয়মিত শ্রম দেওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ৫০ জন করে শ্রমিক পর্যায়ক্রমে এ কার্যক্রমে অংশ নেবেন।

নিজ নিজ পেশাগত ব্যস্ততার বাইরে এসে নদ পরিচ্ছন্নতার কাজে তাদের এমন অংশগ্রহণ স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। শ্রমিকদের এ উদ্যোগে নদ রক্ষার সামাজিক আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, তাদের সংগঠনে প্রায় এক হাজার শ্রমিক রয়েছেন। সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার চলমান কার্যক্রমে প্রতিদিন ৫০ জন শ্রমিক স্বেচ্ছাশ্রম দেবেন। পর্যায়ক্রমে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা এ কাজে যুক্ত হবেন।

এর মাধ্যমে নদ পরিচ্ছন্নতার উদ্যোগটি ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

শ্রমিক নেতারা বলেন, ভৈরব নদ যশোরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। এ নদকে ঘিরে একসময় এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছিল। সময়ের পরিবর্তনে নদটির স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কচুরিপানার বিস্তার নদটির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় শুধু প্রশাসন বা নির্দিষ্ট কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর দায়িত্ব না দিয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, শ্রমিক হিসেবে প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যেও সমাজ ও পরিবেশের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। যশোরের মানুষের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা ভৈরব নদকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগে অংশ নিতে পেরে তারা আনন্দিত। সামর্থ্য অনুযায়ী শ্রম দিয়ে নদ রক্ষার এ প্রচেষ্টা অব্যাহত রাখতে চান তারা।

পরিচ্ছন্নতা অভিযানে যশোর রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (৯৩৯)-এর রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, আতিয়ার রহমান, রমজান আলী, বাবু, আকবার, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, শামীম রেজা ও শরিফুল ইসলামসহ অর্ধশতাধিক শ্রমিক অংশ নেন।

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার ব্যক্তিগত উদ্যোগে শুরু হয় স্বেচ্ছাশ্রমভিত্তিক এ কার্যক্রম। শুরুতে ব্যক্তিগত উদ্যোগে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ বাড়ছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি রাজনৈতিক সংগঠন, বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিত্ব এবং শ্রমজীবী মানুষও এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত স্বেচ্ছাশ্রম, সচেতনতা ও ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণের কাজ আরও গতিশীল হবে। একই সঙ্গে নদটির পরিবেশ রক্ষা এবং ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। তাদের মতে, ভৈরব নদকে বাঁচাতে এক দিনের পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন নিয়মিত পরিচর্যা, জনসম্পৃক্ততা এবং দীর্ঘমেয়াদি উদ্যোগ।