ভারতে থেকে অবৈধ পথে আনা ১৯৭ বোতল সিরাপ উদ্ধার, সাতক্ষীরা ও সিরাজগঞ্জের ৩ জন আটক

0
আটককৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাহাজানপুর গ্রামের ওসমান গনি (৪৯), একই উপজেলার পুলিয়া গ্রামের আব্দুল মান্নান (৬২) এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার ভুলবাকুটিয়া গ্রামের বাসিন্দা শফিকুল (৪০)।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পালবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯৭ বোতল অবৈধ মাদক জাতীয় সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-৬-এর যশোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে পালবাড়ি মোড়ে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাহাজানপুর গ্রামের ওসমান গনি (৪৯), একই উপজেলার পুলিয়া গ্রামের আব্দুল মান্নান (৬২) এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার ভুলবাকুটিয়া গ্রামের বাসিন্দা শফিকুল (৪০)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পালবাড়ি এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘কাজী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটির গতিপথ রোধ করে তল্লাশি চালান।

তল্লাশি চালানোর একপর্যায়ে ওই বাসে থাকা তিন যাত্রীর কাছে থাকা ব্যাগ থেকে ৯৭ বোতল ‘উইনকোরেক্স’ এবং ১০০ বোতল ‘ইস্কাফ’ নামের অবৈধ কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদক জাতীয় সিরাপগুলো সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে এনে যশোর হয়ে দেশের অন্য জেলায় পাচার করা হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।