বেনাপোল বন্দর দিয়ে গত দু দিনে ভারতে গেল ৫৬ মে.টন ইলিশ

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার ভারতে ১২শ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার ভারতে রফতানি হয়েছে ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন ইলিশ। ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি রফতানিকারক প্রতিষ্ঠানকে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।

এর আগে সরকার ২০২৪ সালে ৭৯টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল। কিন্তু বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে গত বছর ইলিশ রফতানি হয়েছিল প্রায় ৮০২ মেট্রিক টন। এর মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে রফতানি হয়েছিল ৫৩২ দশমিক ৩ মেট্রিকটন।

স্থানীয় রফতানিকারক প্রতিষ্ঠান ‘সততা ফিশ’-এর ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, দুর্গাপূজা ও আসন্ন উৎসবের কারণে ইলিশের চাহিদা বেশি। আমরা চেষ্টা করছি চাহিদা অনুযায়ী ইলিশ সরবরাহ বজায় রাখতে। তবে মাছের সীমিত পরিমাণ রফতানিতে কিছুটা বাধা থাকলেও আমাদের কার্যক্রম সচল রয়েছে।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ইলিশ রফতানি করেছে মেসার্স প্যাসিফিক সি ফুড ১ দশমিক ৬৩ মেট্রিক টন, মেসার্স এমভি সি ফুড ৪ মেট্রিক টন, মেসার্স তানিশা এন্টারপ্রাইজ ১ দশমিক ৩৬ মেট্রিক টন, মেসার্স সততা ফিশ ৩ দশমিক ৮ মেট্রিক টন, মেসার্স এমএপি ইন্টারন্যশনাল ৩ মেট্রিক টন, মেসার্স জেএস এন্টারপ্রাইজ ৫ মেট্রিক টন। এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে ইলিশ মাছ রফতানি করেছে সততা ফিশ ৩ দশমিক ৬ মেট্রিক টন, তানিশা এন্টারপ্রাইজ ১ দশমিক ৪ মেট্রিক টন, বিশ্বাস এন্টারপ্রাইজ ১২ দশমিক ২ মেট্রিকটন, লাকী ট্রেডিং ১৬ দশমিক ৮ মেট্রিকটন ও স্বর্ণালি এন্টারপ্রাইজ ৪ মেট্রিক টন। ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশ আমদানি করে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।