বেনাপোলে দেনার দায়ে স্বামী-স্ত্রীর একসাথে আত্মহত্যা

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে পোলট্রি ব্যবসায়ী এক দম্পতির ওড়নায় পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণ ওই দম্পতি হলেন, মৃত কালাম হোসেনের ছেলে মো. ইয়ামিন (২৮) ও তার স্ত্রী মোছা. তনু (২৪)। শুক্রবার ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বাহদুরপুর বাজারের জনৈক আব্দুর রহিমের বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ দম্পতি দেনার দায়ে আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, তারা গত এক সপ্তাহ আগে ওই বাসাটি ভাড়া নেন। ইতঃপূর্বে তারা যশোরে পুলেরহাটে বসবাস করতেন। ইয়ামিনের পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্যে তিনি নিজের বাড়ি- জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির ৬ মাসের একটি সন্তান রয়েছে। শুক্রবার ভোরে প্রতিবেশীরা এক শিশুর কান্নার শব্দে ঘরের ভেতর জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এরপর তারা আশপাশের লোকজনকে খবর দেন। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে ময়না তদন্তের জন্যে লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানার বাহাদুরপুর বাজারের পাশের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্যে মৃতদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।