বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ

0
চিফ হুইপ নুরুল ইসলাম মণি।। ছবি: সংগৃহীত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীর নাম প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি ও নানা বিষয় নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব তথ্য নিশ্চিত করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

চীফ হুইপ নুরুল ইসলাম মণি নির্বাচন ও দলীয় সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরে বলেন, “সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবারের মধ্যেই দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে তা জানাবেন।”

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের প্রক্রিয়া কেমন হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই ভোট আয়োজনের জন্য জাতীয় সংসদের বিশেষ কোনো অধিবেশন ডাকার প্রয়োজন পড়বে না। নির্বাচন কমিশন তাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী বৈঠক ডেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করবে।

এ ছাড়া জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে চিফ হুইপ বলেন, “স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হলে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।”