বিশ্বকাপ ফাইনালের হাফটাইম পারফরম্যান্স নিয়ে বিতর্কের অবসান ঘটাল ফিফা

0
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো নিয়ে ধোঁয়াশা কাটাল ফিফা। ম্যাচের ছন্দপতন ঠেকাতে সমালোচনা আমলে নিয়ে বিরতির সময় ১৭ মিনিট নির্ধারণ করা হয়েছে, যেখানে গাইবেন শাকিরা ও ম্যাডোনা।। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনালে মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা ও স্পেন। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মতো ফাইনাল ম্যাচেও বিশ্বের জনপ্রিয় তারকা শিল্পীদের পারফরম্যান্সের আয়োজন রাখা হয়েছে।

কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছিল, শিরোপার লড়াইয়ের মধ্যবর্তী বিরতিতে (হাফটাইম) ৩০ থেকে ৪০ মিনিটের পারফরম্যান্স থাকতে পারে। এই দীর্ঘ বিরতি নিয়ে ফুটবল বিশ্লেষকদের মধ্যে তুমুল সমালোচনা চলছিল। বিশ্লেষকদের মতে, প্রচলিত ১৫ মিনিটের বিরতি বাড়িয়ে ৩০ মিনিট করা হলে ম্যাচের স্বাভাবিক ছন্দপতন হতে পারে।

এই বিতর্কের অবসান ঘটিয়ে এবার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) নিশ্চিত করেছে যে, ফাইনালের হাফটাইম বিরতি হবে সর্বোচ্চ ১৭ মিনিট। ফিফা ইতিমধ্যে ফাইনালিস্ট দুই দল স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে।

প্রচলিত ফুটবল ম্যাচের নিয়মিত হাফটাইমের চেয়ে মাত্র দুই মিনিট বেশি সময় বরাদ্দ থাকছে এবারের ফাইনালে। এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট নির্ধারিত থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি প্রায় ছয় মিনিট সময় ব্যয় করা হবে পারফরম্যান্সের মঞ্চ স্থাপন, তা সরিয়ে নেওয়া এবং মাঠ খেলার উপযোগী করতে পানি দেওয়ার কাজে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই গ্র্যান্ড ফাইনালে পারফর্ম করবেন বিশ্বসংগীতের তুমুল জনপ্রিয় তারকা শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। এর আগে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস কিংবা ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লে-এর নাম শোনা গেলেও এবার শাকিরা-ম্যাডোনাদের নাম চূড়ান্ত করেছে ফিফা।

এদিকে মাঠের বাড়তি বিরতির বিতর্কের পাশাপাশি গরমের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে চলমান বিশ্বকাপের অন্যান্য ম্যাচের মতো ফাইনালেও প্রতি অর্ধে একটি করে পানি পানের বিরতি বা হাইড্রেশন ব্রেক আগের নিয়মেই বহাল থাকবে বলে নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।