ইতিহাস ও সুখস্মৃতি ফেরানোর মিশন: ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে মাঠে নামছে আর্জেন্টিনা

0
জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত গোলের পর শূন্যে লাফিয়ে লিওনেল মেসির সেই চিরচেনা ট্রেডমার্ক উদযাপন।। ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বে কিছু ম্যাচের গল্প শুধু মাঠের লড়াই বা পরিসংখ্যানের খাতার মাঝে সীমাবদ্ধ থাকে না; তা আজীবন লেখা থাকে ইতিহাসের পাতায় ও মানুষের স্মৃতিতে। তেমনই এক চিরপ্রতিদ্বন্দ্বী দ্বৈরথ আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মাঠের লড়াই।

১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ, ১৯৮৬ সালের মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামের সেই বিকেল, ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘শতাব্দীর সেরা গোল’ এবং ১৯৯৮-এর ডেভিড বেকহাম-দিয়েগো সিমিওনে দ্বন্দ্বের ইতিহাস বুকে জড়িয়ে আজ আবারও মাঠে নামছে এই দুই পরাশক্তি। আর এই হাইভোল্টেজ ম্যাচে ফুটবলপ্রেমীদের বাড়তি নস্টালজিয়া জাগিয়ে তুলতে বিশেষ নীল জার্সিতে মাঠে নামছে আর্জেন্টিনা।

সেমিফাইনালে ওঠার পর পরই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে নীল জার্সি পরে খেলার বিশেষ অনুমতি চেয়ে আবেদন করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এই নীল রঙের সঙ্গেই জড়িয়ে আছে ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার সেই বিখ্যাত দুই গোলের স্মৃতি। এক যুগ পর ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতেও নীল জার্সিতেই মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেদিন বেকহাম লাল কার্ড দেখার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা। বিপরীতে, ২০০২ বিশ্বকাপে যখন আর্জেন্টিনা প্রথাগত সাদা-আকাশি জার্সিতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল, সেদিন নীল জার্সি ছিল না এবং বেকহামের একমাত্র গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই ইতিহাস ও সুখস্মৃতিকে ফিরিয়ে আনতেই আর্জেন্টিনার এই নীল আরজি।

অবশ্য ফিফার নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে আগে ওঠার সুবাদে ম্যাচে ইংল্যান্ডের পোশাকি নাম ‘টিম এ’ এবং তারা নিজেদের পছন্দের জার্সি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। ইংল্যান্ড নিজেদের জন্য ঐতিহ্যবাহী সাদা জার্সি বেছে নেওয়ায় ‘টিম বি’ হিসেবে আর্জেন্টিনার ভাগ্যে এমনিতেই ‘অ্যাওয়ে’ অর্থাৎ নীল জার্সি জোটে। তবে ইংল্যান্ড যদি অ্যাওয়ে লাল জার্সি বেছে নিত, তবে আর্জেন্টিনাকে বাধ্য হয়ে সাদা-আকাশি জার্সি পরতে হতো। সেটি রুখতেই আগেভাগে ফিফার সবুজ সংকেত নিয়ে রেখেছিল আর্জেন্টিনা।

ফিফার নিয়ম অনুসারে, সাদা-কালো টেলিভিশন পর্দায় দর্শকদের দেখার সুবিধা ও বর্ণান্ধ ব্যক্তিদের বিভ্রান্তি এড়াতে ‘স্পেক্ট্রোফটোমিটার’ প্রযুক্তির সাহায্যে দুই দলের জার্সির রঙ নির্ধারণ করা হয়। সেই হিসেবে আজকের ম্যাচে পুরো সাদা জার্সি, সাদা শর্টস ও সাদা মোজা পরে মাঠে নামবে ইংল্যান্ড। আর তার বিপরীতে ম্যারাডোনার উত্তরসূরি আর্জেন্টিনা মাঠ মাতাবে ঐতিহাসিক নীল জার্সি, নীল শর্টস এবং নীল মোজা পরে।