বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

0
বিশ্বকাপের নতুন গন্তব্য কি পাকিস্তান? বাংলাদেশের ম্যাচ আয়োজনে পিসিবির আগ্রহ ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন নিয়ে নতুন নাটকীয়তা শুরু হয়েছে। ভারতে গিয়ে খেলতে বিসিবির অনড় আপত্তির মুখে এবার বিকল্প ভেন্যু হিসেবে নিজেদের নাম প্রস্তাব করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজনে পিসিবির মাঠগুলো ‘পুরোপুরি সজ্জিত ও প্রস্তুত’।

ঘটনার সূত্রপাত আইপিএল থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যু থেকে। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার ও বিসিবি ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেয়। এই কূটনৈতিক ও ক্রিকেটীয় টানাপোড়েনের মাঝেই পাকিস্তান তাদের আগ্রহের কথা জানাল। পিসিবি সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস ট্রফি ও নারী বিশ্বকাপের বাছাইপর্ব সফলভাবে আয়োজন করে তারা বিশ্ব ক্রিকেটের আস্থা অর্জন করেছে। আইসিসি চাইলে তারা দ্রুততম সময়ে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের দায়িত্ব নিতে পারে।

বর্তমানে বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। তবে বিসিবি চায় নিরপেক্ষ কোনো ভেন্যু, বিশেষ করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হলে পাকিস্তানই হতে পারে প্রধান বিকল্প। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিসিসিআই কর্তাদের সাথে বৈঠকে বসলেও কোনো চূড়ান্ত সমাধান এখনো আসেনি।