বিরোধী দল নামের তালিকা দিলেই সংবিধান সংশোধনে জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী

0
ঝিনাইদহের শৈলকুপায় আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিরোধী দল নাম দিলেই সংবিধান সংশোধনে জুলাই সনদের পথ ধরা হবে। একই সাথে শিশু রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তির আশা প্রকাশ করেন তিনি।। ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনে জুলাই সনদের পথে এগিয়ে যেতে বিরোধী দলের প্রতিনিধিদের নামের তালিকার অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, সংসদ অধিবেশনের শেষ সেশনের আগে বিরোধী দলকে ১৭ সদস্যবিশিষ্ট একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই কমিটিতে সরকারের পক্ষ থেকে সাতজন এবং স্বতন্ত্র প্রতিনিধি পাঁচজন রাখা হয়েছে। বাকি পাঁচটি আসন বিরোধী দলের জন্য রাখা হয়েছে। বিরোধী দল জানিয়েছে, সামনের সেশনে নাম জানাবে। সেই অপেক্ষায় থেমে আছে সংবিধান সংশোধনের কাজ।

অন্তর্বর্তী সরকারের সময়কার অধ্যাদেশ উপস্থাপন প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, এগুলো বাতিল হয়নি, কেবল এখনো উপস্থাপন করা হয়নি। মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন — এই দুটি নিয়ে ইতিমধ্যে প্রথম পরামর্শ সভা হয়েছে। বিভিন্ন মহল থেকে আসা সুপারিশ যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যে সামনে আনা হবে বলে তিনি জানান।

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই অভিযোগপত্র দেওয়া সম্ভব হয়েছে। সোমবার আদালত খুলতেই মামলাটির গুরুত্ব বিবেচনায় প্রথম দিনই শুনানি রাখা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।