বালুচরে বরফের চাদর: সৌদি ও কাতারের মরুভূমিতে বিরল তুষারপাত

0
তপ্ত বালিতে অভ্যস্ত উটের দল এবার অবাক চোখে তাকিয়ে দেখছে পায়ের নিচের নরম সাদা বরফ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ধু-ধু মরুভূমি আর তপ্ত বালুর দেশ হিসেবে পরিচিত সৌদি আরব ও কাতার এক বিস্ময়কর ও বিরল প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয়েছে। গত ১৮ ডিসেম্বর দেশ দুটির বেশ কিছু অঞ্চলে আকাশ থেকে ঝরে পড়েছে নরম সাদা তুষার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্তীর্ণ মরুভূমি ও পাথুরে পাহাড়ের চূড়াগুলো বরফের সাদা আস্তরণে ঢাকা পড়েছে। তপ্ত বালিতে অভ্যস্ত উটের দলকেও এবার বরফের ওপর দিয়ে দিশেহারা হয়ে চলাচল করতে দেখা গেছে।

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক প্রদেশের জাবাল আল লাউজ এলাকায় তুষারপাতের এই দৃশ্য সবচেয়ে বেশি উপভোগ্য হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা ঐতিহ্যবাহী পোশাকের ওপর শীতের জ্যাকেট পরে বরফে ঢাকা পাহাড়ে নাচ-গান ও উল্লাসের মধ্য দিয়ে এই মুহূর্ত উদযাপন করেন।

এছাড়া সৌদির মধ্যাঞ্চলীয় আল-মাজমাহ ও আল-ঘাট এলাকায় ভারী তুষারপাত দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমায়। একই দিনে প্রতিবেশী দেশ কাতারও পেয়েছে এই শুভ্র অভিজ্ঞতা। মরুপ্রধান এই দেশের ধূসর বালি ভারী তুষারে ঢেকে এক নতুন দৃশ্যপটের জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আরবের উত্তরাঞ্চলে শীতকালে মাঝেমধ্যে তুষারপাত হলেও এবারের তুষারের পরিমাণ ও ব্যাপ্তি ছিল ভিন্ন। দুবাই ভিত্তিক আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বায়ুমণ্ডলে সৃষ্ট সুনির্দিষ্ট ভৌগোলিক উচ্চতায় তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে সৌদি ও কাতারের এই তুষারপাত দেখে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের মনেও প্রশ্ন জেগেছে—মরুরাজ্য দুবাইতেও কি নামবে সাদা শীত? যদিও আবহাওয়াবিদরা সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনাই বেশি দেখছেন, তবুও আরবের বর্তমান আবহাওয়া যেভাবে ‘বরফ জমা’ অনুভূতি দিচ্ছে, তাতে মরুভূমিতে ‘বরফ যুগ’ আসা এখন আর নিছক কল্পনা নয়।