বাঘারপাড়ায় ডাকাতির ঘটনায় আরো দুজন আটক,স্বর্ণালঙ্কার ও অস্ত্র উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের আরাফাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার বিক্রিতে সহায়তার অভিযোগে মঙ্গলবার আরো দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। খুলনার তেরখাদায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় লুণ্ঠিত ২ ভরি স্বর্ণালঙ্কার ও ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, করিমপুরের আরাফাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক আরজ আলী মোল্লা, সবুজ কাজী ও বোরহান সরদারকে আদালতের অনুমতি সাপেক্ষে গত সোমবার ২ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে ডাকাতদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ভোরে খুলনার তেরখাদা উপজেলার আদমপুর গ্রামে সহযোগী মিরাজ শেখ ওরফে ডেটলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ডেটল ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এরপর ডাকাত আরজ আলী মোল্লার দেয়া তথ্যের ভিত্তিতে তেরখাদা উপজেলার নলিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে আরেক সহযোগী গোলাম রসুলকে আটক করে ডিবি পুলিশ। পরে আরজ আলী মোল্লা ও গোলাম রসুলের স্বীকারোক্তিতে আড়ফাংগাসিয়া গ্রামে সহযোগী রাজুকে ধরতে তার বাড়িতে অভিযান চালানো হয়। তবে এ সময় তাকে পাওয়া না গেলেও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার বিক্রিতে সহায়তাকারী তার মা মাহফুজা বেগমকে আটক করা হয়। এরপর আটক মাহফুজা বেগমের স্বীকারোক্তিতে কটেঙ্গা বাজারের প্রিতম জুয়েলার্স ও শ্যামা জুয়েলার্স থেকে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
এরআগে বাঘারপাড়া উপজেলার করিমপুরের আরাফাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় নারীসহ ১০ জনকে আটক করে ডিবি পুলিশ। গত মঙ্গলবার আরো দুজনকে আটক করায় এ নিয়ে ডাকাতির ঘটনায় ১২ জনকে আটক করলো সংস্থাটি।