বাঘারপাড়ায় চাইনিজ কুড়ালসহ যুবলীগ কর্মী আটক

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারাপাড়ায় তিনটি চাইনিজ কুড়ালসহ ইমরান হোসেন নামের এক যুবলীগ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দয়রামপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান একই গ্রামের আইয়ূব আলীর ছেলে।
বাঘারপাড়া থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে যৌথবাহিনী টহলের সময় জানতে পারে, ইমরানের শোয়ার ঘরে অস্ত্র আছে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ইমরানের দয়ারামপুরের বসত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শোয়ার ঘর থেকে তিনটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এলাকাবাসী জানায়, ইমরান হোসেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজিব রায়ের পেটোয়া বাহিনীর একজন সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া দয়ারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী।
বাঘারপাড়া থানার ওসি আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র আইনে মামলা দিয়ে ইমরান হোসেনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।