বাগেরহাটের ডিসি-এসপিকে বিদেশি নম্বর থেকে হুমকি, নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম ইস্যু

0
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকে পোস্ট করা ওই অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার শুরু করা হয়। সেখানে জুয়েল সাদ্দামকে নিয়ে প্রশ্ন তুলে হুমকিমূলক কথা বলা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিদেশি নম্বর থেকে হুমকিমূলক ফোন পাওয়ার বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, ‘আমি কয়েকটি ফোন কল পেয়েছি। কারা এসব করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি মোটেও বিচলিত নই। সম্ভবত কিছু বট নম্বর থেকে এসব করা হচ্ছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’