বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী

0
মেহেরপুর সীমান্তে বাংলাদেশি কৃষককে তুলে নেওয়ায় দুই ভারতীয়কে আটক করেন গ্রামবাসী। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে তিনজনকে নিজ নিজ দেশে ফেরত দেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বয়োবৃদ্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটক তিনজনকেই নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। আটক আবদুল মান্নান মেহেরপুরের ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে ইছাখালী সীমান্তের দেড় বিঘা জমিতে কাঁচামরিচসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করে আসছেন। মঙ্গলবার সকালে তিনি ওই জমিতে কীটনাশক দিতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। বিএসএফের হাতে কৃষক মান্নান ধরে পড়ার খবর ইছাখালী গ্রামে পৌঁছালে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা অবিলম্বে মান্নানকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও বিএসএফ তা প্রত্যাখ্যান করে। একপর্যায়ে গ্রামবাসী একজোট হয়ে সীমান্ত এলাকায় অবস্থানরত সচিন কর্মকার ও নারায়ণ দেব নামের দুই ভারতীয় কৃষককে আটক করে গ্রামে নিয়ে আসেন।

পরবর্তীতে উত্তপ্ত পরিস্থিতির মুখে মঙ্গলবার বেলা ২টার দিকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এক জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ কর্মকর্তারা অংশ নেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির জোর দাবির মুখে পতাকা বৈঠকে বিএসএফ সদস্যরা আটক কৃষক আবদুল মান্নানকে ফেরত দিয়েছে। একইসঙ্গে এলাকাবাসীর হাতে আটক দুই ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামের অপর এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বিএসএফ। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছাকাছি সীমান্ত পার হয়ে ভারতে ঢুকলে বিএসএফের হাতে তিনি ধরা পড়েন। আটক আজিবর ওই এলাকার নুরুল মিয়ার ছেলে।

বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাঁকে আটক করে। তাঁকে বিজিবির মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনতে আইনগত ও অফিশিয়াল প্রক্রিয়া চলমান রয়েছে।