বর্তমান কর্তৃত্ববাদী সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,বর্তমান কর্তৃত্ববাদী সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, আর নয়। তাদের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের জীবন নিরাপদ নয়। তাই দেশ ও জনগণ রক্ষায় এই সরকারের হটানোর কোনও বিকল্প নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে জেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকার ২০১৪ এবং ২০১৮ সালের মতো আবারও একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠেছে। যে কারণে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আগামী নির্বাচন থেকে তারেক রহমানকে দূরে সরিয়ে রাখতে তাকে সস্ত্রীক একটি মামলার ফরমায়েশি রায় দিয়েছে। কিন্তু আগামীতে শেখ হাসিনার অধীনে আর কোনও সাজানো,পাতানো প্রহসনের নির্বাচন হবে না, হতে দেব না। তারেক রহমান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গর্বিত উত্তরাধিকার। তার মাধ্যমে আগামীর বাংলাদেশ নতুন যাত্রার স্বপ্ন দেখে। এই তারুণ্য আমাদের সাহস ও শক্তি যোগায়।
তিনি বলেন,এই সরকার আমলাদের ওপর ভর করে টিকে আছে। আজ প্রশাসন ও আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। পুলিশ ও আওয়ামী লীগের গুন্ডাবাহিনী এক হয়েছে। তারা দেশে গুন্ডাতন্ত্র কায়েম করেছে। আজ তারা বন্দুকের নল ও লাঠিসোটা দিয়ে শান্তিপ্রিয় জনগণকে দমিয়ে রাখতে চায়। সরকারকে স্পষ্ট বলে দিতে চাই, বন্দুকের নল ও লাঠিসোটার ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। ইতিহাস সাক্ষী দেয় এই ভাটির দেশের মানুষ কখনও কোনও পরাশক্তির কাছে মাথা নত করেনি। তাই শেখ হাসিনার কাছেও মাথা নত করবে না। শেখ হাসিনা যতই স্বপ্ন দেখুক না কেন, তিনি যা ইচ্ছা তাই করে আজীবন ক্ষমতায় থাকবেন,তার সেই স্বপ্ন কোনদিনই পূরণ হবে না। আজ দেশের গণতন্ত্র ও শান্তিকামী মানুষ জেগে উঠেছে। রাজপথেই ফয়সালা হবে কে এই দেশের নেতৃত্ব দেবেন।
জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম,সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম,নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল বাশার সুজন,ছাত্রদল নেতা সুমন আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুুলু,আব্দুস সালাম আজাদ,এ কে শরফুদ্দৌলা ছোটলু,মারুফুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান।