বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আটজনকে ভাসমান অবস্থায় উদ্ধার, পাঁচজন নিখোঁজ

0
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ এফবি বরকত নামে একটি ট্রলার ডুবে গেছে। গতকাল সোমবার ।। ছবি: ভিডিও থেকে নেওয়া

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জন জেলেসহ ‘এফবি বরকত’ নামের একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সাগরের গভীরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়।

ট্রলারটি ডুবে যাওয়ার পর দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ জেলেদের মধ্যে আটজনকে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলার উদ্ধার করে। তবে এখনও পর্যন্ত পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ থাকা পাঁচ জেলের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা মো. বেলাল, মো. নুর আলম ও মো. ইব্রাহিম। ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি বরকত নামের ট্রলারটি ১৩ জন জেলেকে নিয়ে গত শুক্রবার মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হয়েছিল। নিখোঁজ পাঁচ জেলেকে উদ্ধারের জন্য ‘এফবি জহুরা খাতুন’ নামের আরও একটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে পাথরঘাটার পাঁচ জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। তিনি জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।