ফাইনালের আগে সতীর্থদের ‘সব ভুলে যাওয়ার’ বার্তা দিয়েছিলেন মেসি: কী ঘটেছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমে

0
বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে লিওনেল মেসি ।। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ফুটবল অঙ্গনে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শুরুর ঠিক আগমুহূর্তে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশ্যে করা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির মন্তব্য নিয়ে এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ৩৯ বছর বয়সী অধিনায়ক ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে সতীর্থ এনজো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্তিনেজদের উদ্দেশ্য করে বলেন, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে।’ এরপর সতীর্থদের উদ্দীপ্ত করতে যুক্ত করে বলেন, ‘এসো সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’

ঠিক কি ভুলে যাওয়ার জন্য সতীর্থদের ইঙ্গিত দিয়েছিলেন মেসি, তা স্পষ্ট না হলেও বিশ্লেষকদের ধারণা, ফাইনালের আগেই মাঠের বাইরের নানা সমালোচনা ও প্রতিপক্ষ স্পেনের পক্ষ থেকে করা মনস্তাত্ত্বিক আক্রমণের কথাই হয়তো উল্লেখ করছিলেন অধিনায়ক।

ফাইনালে নামার ঠিক আগেই স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্ত আর্জেন্টিনার বিরুদ্ধে টুর্নামেন্টে রেফারিংয়ের বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ এনে বলেন, সাম্প্রতিক ম্যাচগুলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষের ওপর সৃষ্টি করা চাপ ও রেফারিংয়ের ঘটনা বিতর্কিত।

উল্লেখ্য, নিউ জার্সির ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার এবং ১৬ বছর পর বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে স্পেন। ম্যাচের ভেতরে রেফারিং নিয়ে দৃশ্যমান কোনো বিতর্ক না থাকলেও শেষ বাঁশি বাজার সাথে সাথে আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সাথে স্প্যানিশ ফুটবলারদের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ বাঁধে। সেই অপ্রীতিকর ও মারামারির ঘটনার জেরে পরবর্তীতে পুরো ঘটনা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তে নেমেছে ফিফা।