প্রতীক বরাদ্দ : যশোরে সংসদ নির্বাচনের লড়াই হবে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের

0

স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে যশোরের ৬ টি আসনের ৫টিতেই নৌকার প্রার্থীর মূল প্রতিপক্ষ তাদের দলের নেতারা। বিএনপিসহ মূলধারার অধিকাংশ রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন’ দেখাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কৌশলের কারণেই জেলার সবকটি আসনেই মূলত ভোট হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। এদিকে যশোর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘুরা হুমকির মুখে রয়েছে বলে দাবি করেছেন।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়। রিটার্নিং অফিসারের দফতরের সম্মেলন কক্ষে আসন অনুযায়ী একে একে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। শেষ হয় দুপুর ১টার দিকে। প্রার্থী ও তাদের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরের ৬টি আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র ৮ জন। তারা সকলেই আওয়ামী লীগের নেতা। এক জন বর্তমান সংসদ সদস্যও রয়েছেন এ তালিকায়। সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সভাপতি পদের নেতারাও হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
একমাত্র যশোর-৪ আসনে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের অন্যতম শরীক দল জাতীয় পার্টির প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থী ছাড়া আওয়ামী লীগসহ মোট ১০টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলোর প্রার্থীদের অধিকাংশই রাজনীতি সুপরিচিত নন। এমনও প্রার্থী রয়েছেন যাকে দীর্ঘ দিন ধরে রাজনীতিতে কোন ভূমিকায় দেখেননি এলাকার মানুষ।
দলীয় প্রার্থীদের প্রতীক আগে থেকেই নিশ্চিত ছিল। এদিন স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই তাদের প্রতীক হিসেবে ঈগল, ট্রাক ও কাঁচি বরাদ্দ পান।
যশোরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তালিকা অনুযায়ী, যশোর-১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আশরাফুল আলম লিটন পেয়েছেন ট্রাক প্রতীক। অপর দুই প্রার্থী আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিনের নৌকা ও জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামানের লাঙ্গল প্রতীক আগে থেকেই নির্ধারিত ছিল। প্রতীক পাওয়ার পর এই আসনের নির্বাচনী বিশ্লেষণে দেখা যায়- আসনটিতে মূলত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আসনটিতে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী থাকলেও নির্বাচনী এলাকায় তার তেমন পরিচিতি নেই। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জেলা শাখার যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটনের ট্রাক প্রতীকের।
যশোর-২ আসনে আওয়ামী লীগের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম পেয়েছেন ট্রাক প্রতীক। এবং চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান পেয়েছেন ঈগল প্রতীক। এছাড়া দলীয় প্রতীক নৌকা পেয়েছেন মো. তৌহিদুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক পেয়েছেন মো. আব্দুল আওয়াল, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন মো. ফিরোজ শাহ ও বিএনএফ-র টেলিভিশন প্রতীক পেয়েছেন মো. শামছুল হক। আসনটিতেও মূলত নৌকার মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন দলের দুই হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। বাকি প্রার্থীরা ভোটের প্রতিদ্বন্দ্বিতায় ন্যূনতম প্রভাব ফেলবেন না বলে স্থানীয়রা জানান।
যশোর-৩ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ঈগল প্রতীক পেয়েছেন। এছাড়া দল হিসেবে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ নৌকা, জাতীয় পার্টির মো. মাহবুব আলম লাঙ্গল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ তৌহিদুজ্জামান বটগাছ, তৃণমূল বিএনপির মো. কামরুজ্জামান সোনালী আঁশ, বিকল্পধারার মো. মারুফ হাসান (কাজল)কুলা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙ্গর ও ন্যাশনাল পিপলস পার্টির সুমন কুমার রায় আম প্রতীক পেয়েছেন। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ আসনটিতেও ভোটের প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। নৌকার শক্ত প্রতিপক্ষ হিসেবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহিত কুমার নাথের ঈগল প্রতীক। বাকি প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চুও আওয়ামী লীগের শরীক দলের একজন।
তবে গতকাল তিনি বলেছেন, জাতীয় পার্টি এবার আলাদা নির্বাচন করছে। কারো সাথে তাদের কোন সমঝোতা নেই।
যশোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য রণজিত কুমার রায় পেয়েছেন ঈগল প্রতীক। আসনটিতে দল হিসেবে জাতীয় পার্টির মো. জহুরুল হক লাঙ্গল, তৃণমূল বিএনপির এম শাব্বির আহমেদ সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুস আলী মিনার ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল নোঙ্গর প্রতীক পেয়েছেন। আসনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের ঋণ খেলাপির কারণে প্রার্থিতা বাতিল হওয়ায় এখানে নৌকার মূল প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে আওয়ামী লীগের শরীক দল জাতীয় পার্টির অ্যাডভোকেট জহুরুল হক জহিরের লাঙ্গল প্রতীক। আসনটিতে বাকি প্রার্থীদের এলাকায় কোনো গ্রহণযোগ্যতা নেই বলে ভোটাররা জানান।
যশোর-৫ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. ইয়াকুব আলী পেয়েছেন ঈগল প্রতীক। এছাড়া দল হিসেবে বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য নৌকা, জাতীয় পার্টির এমএ হালিম লাঙ্গল, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালী আঁশ ও ইসলামী ঐক্যজোটের নূরুল্লাহ আব্বাসী মিনার প্রতীক পেয়েছেন। আসনটিতেও নৌকার মূল প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. ইয়াকুব আলী। বাকি প্রার্থীরা নির্বাচনে থাকলেও তাদেরকে কোনো হিসেবে আনা হচ্ছে না।
যশোর-৬ আসনে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের দুই নেতা প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ নেতা এইচএম আমির হোসেন কাঁচি এবং মো. আজিজুল ইসলাম ঈগল প্রতীক পেয়েছেন। এছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার নৌকা ও জাতীয় পার্টির জিএম হাসান লাঙ্গল প্রতীক পেয়েছেন। নির্বাচনী এ আসনটিতেও নৌকার প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর বাইরে অন্য যেসব প্রার্থী রয়েছেন তারা কোনো আলোচনায় আসবেন না বলে সাধারণ মানুষ জানিয়েছেন।
এদিকে গতকাল প্রতীক পেয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেরিয়ে আসা যশোর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের কাছে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশা করছি নির্বাচন শান্তিপূর্ণ হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। তবে নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু ভোটাররা চাপের মুখে রয়েছে। ইতোমধ্যে তাদেরকে হুমকি-ধামকি দেওয়ার খবর আসছে বলে তিনি দাবি করেন।
জাতীয় পার্টির প্রার্থীরা জানিয়েছেন, প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। সেটা না হলে মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তারা।
প্রতীক বরাদ্দকালে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও জেলা নির্বাচন কর্মকতাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতি আসনে প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীদের সাথে একান্তে বৈঠক করেছেন রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘বৈধ ৩১ প্রার্থীর মধ্যে ২৩ জন ছিলেন বিভিন্ন দলীয় প্রার্থী। এ ছাড়া ৮ জন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।’
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ‘নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সব প্রার্থীকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যশোর পুলিশ বদ্ধপরিকর।’