প্রচারণার প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘন করে যশোরে নৌকা প্রতীকের শোডাউন

0

স্টাফ রিপোর্টার ॥ প্রচারণার প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে শোডাউন করলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। দলীয় মনোনয়ন পাওয়ার পর  মঙ্গলবার প্রথম প্রচার মিছিল করেন তিনি।
বিকেলে শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দান (টাউন হল মাঠ ) থেকে তার নেতৃত্বে ঢাক-ঢোল, ভুভুজেলা বাঁশি, মোটরসাইকেল, সুসজ্জিত পিকআপ ভ্যান নিয়ে প্রচার মিছিলে অংশ নেন যশোর সদরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলের নেতা-কর্মীরা। এসময় গোটা শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার মিছিল বের করার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর শহরের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে নির্বাচনী প্রতীক নিয়ে প্রচার মিছিল বের হয়। এর আগে দলের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা ব্যান্ড পার্টিসহ ছোট ছোট মিছিল সহকারে টাউন হল মাঠে সমবেত হতে থাকেন। এসময় কয়েকশ মোটরসাইকেল নিয়ে নৌকার পক্ষে মিছিল দিতে সেখানে জড়ো হন নৌকার সমর্থকরা। পরে মিছিলটি যখন শহরের দিকে অগ্রসর হয় তখন নির্বাচনবিধি ভেঙে নৌকা প্রতীকের সমর্থকরা মিছিলের সামনে মোটরসাইকেল বহর, সুসজ্জিত পিকআপ ভ্যান, ঢাকঢোল পিটিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন। মিছিলটি শহরে প্রবেশ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার ৬-এর (ঘ) ধারায় উল্লেখ করা আছে, ‘জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে এমন কোনো সড়কে জনসভা কিংবা পথসভা করতে পারবে না এবং তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তিও অনুরূপভাবে জনসভা বা পথসভা ইত্যাদি করতে পারবে না।’ আচরণবিধিমালার ৮-এর (ক) ধারায় উল্লেখ আছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল কিংবা মশাল মিছিল বের করতে পারবে না।’
অথচ  কাজী নাবিল আহমেদের পক্ষে যে শোডাউন দেয়া হয় সেখানে নির্বাচনবিধির উপরে উল্লিখিত সব ধারাই উপেক্ষিত ছিলো।
এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.আবরাউল হাছান মজুমদারের দৃষ্টি আকর্ষণ করলে মঙ্গলবার রাতে তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের শোডাউন বা যানবাহন ব্যবহার করা যাবে না বলে স্পষ্টভাবে আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নির্বাচনী প্রতীক বরাদ্দের দিন প্রার্থী ও তাদের প্রতিনিধিদের জানিয়ে দেয়া হয়েছে। এরপরও কেউ যদি মোটর শোভাযাত্রা করে প্রচারণা চালায় সেটি নির্বাচনের মাঠে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।