পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধের হুমকি বিজেপির নেতার

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি ও সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধের দাবিতে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, এরপরও আগামী ৭ দিনের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি এবং সংখ্যালঘু নির্যাতন সম্পূর্ণভাবে বন্ধ করা না হলে সপ্তাহ শেষে ৫ দিনের জন্য আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হবে। আর ২০২৫ সাল থেকে বাংলাদেশে আলু, পেঁয়াজ, ডিমসহ সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ভারতে পলাতক আওয়ামী লীগের নেতাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সোমবার ভারতের পশ্চিমবঙ্গে পেট্রাপোল বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জনসভায় বনগাঁ মহাকুমা বিজেপির সভাপতি দেবদাস ম-লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজ্য বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী। সভায় আরও বক্তব্য রাখেন, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, উত্তরের বিধায়ক অশোক কীর্তোনিয়া, কল্যাণীর অম্বিকা দাস প্রমুখ।
জনসভায় হাবড়া, বারাসাত, নদীয়া, কল্যাণীসহ বিভিন্ন এলাকা থেকে ৭/৮ হাজার বিজেপি কর্মী যোগ দেয়। মিছিল থেকে বিশ্ব হিন্দু জোট গড়ে তুলতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্লোগানে তারা বাংলাদেশে ইউনূস সরকারের বিভিন্ন কর্মকা-ের সমালোচনা করে পদত্যাগ দাবি করে। বেলা সাড়ে ৩ টার দিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিলকারীরা নোম্যান্সল্যান্ডে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের বাধার মুখে মিছিলকারীরা পেট্রাপোল বন্দরের দিকে ফিরে যায়।