পুলেরহাটে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, ক্ষুব্ধ জনতার আগুন

0

স্টাফ রিপোর্টার।।  যশোর শহরতলীর পুলেরহাট বাজারে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী পিতা ও কন্যা নিহত ও মা ও অপর মেয়েসহ তিন জন আহত হয়েছেন। এসময় স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

নিহতরা হচ্ছেন খুলনার মজগুন্নীর রুবেল (৩৪) ও তার মেয়ে ঐশী (১০)। আহত হয়েছেন নিহত রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ও সাড়ে চার বছরের অপর মেয়ে  সায়েবা এবং পথচারী কৃষ্ণবাটি গ্রামের ওসমান (১৯)।

আহত জেসমিন জানান, তার পিতার বাড়ি শার্শার বহিলাপোতা থেকে স্বামীর বাড়ি খুলনার মজগুন্নী যাওয়ায় পথে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে তারা বহিলাপোতায় গিয়েছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে বেনাপোলগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে ১০ বছরের ঐশীর মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুজায়েত হোসেন রুবেলকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পথচারী ওসমানকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ  এসে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ  করে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, বাসের চালক ও তার সহযোগী ঘটনার সাথে সাথে পালিয়ে যায়।