নড়াইলে শেষ হল ১৪ দিনব্যাপী মেলার সুলতান স্বর্ণ পদক পেলেন চিত্রশিল্পী শহীদ কাদির তালুকদার

0

নড়াইল সংবাদদাতা॥ সুলতান স্বর্ণ পদক প্রদানের মধ্য দিয়ে শুক্রবার নড়াইলে ১৪দিনব্যাপী সুলতান মেলা সমাপ্ত হয়েছে। এবছর সুলতান পদক পেলেন চিত্রশিল্পী শহীদ কাদির তালুকদার।  সুলতান মেলার সমাপনী দিনে বিকেল ৫টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বরে অনুষ্ঠিত স্বর্ণ পদক প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান স্বর্ণপদকপ্রাপ্ত চিত্রশিল্পী শহীদ কাদির তালুকদার, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: রবিউল ইসলাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মাহবুবা করীম, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু। সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু।
বক্তারা বলেন, চিত্রশিল্পী এসএম সুলতান ছিলেন বাংলার গৌরব,বাংলার অহংকার। তাঁর কৃতিত্ব শুধু নড়াইলের মধ্যে সীমাবদ্ধ ছিল না,সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে তুলেছিলেন তিনি। এ মহান শিল্পীর আঁকা ছবি বিস্ময়কর। চিরদিন স্মরণ রাখার মতো। সুলতানের কর্মকান্ড সারা বিশ্বে ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী স্মরণে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে ১৪দিনব্যাপী ‘সুলতান মেলা’শুরু হয় গত ৭ জানুয়ারি। সমাপনী অনুষ্ঠানে সুলতান স্বর্ণপদকে ভূষিত হন চিত্রশিল্পী শহীদ কাদির তালুকদার । সুলতান মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের শতাধিক স্টল বসে।