নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ পৌরসভা হামদহ এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে শামীম হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে আড়াইটার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। শামীম ঝিনাইদহ পবহাটি গ্রামের আমির আলীর ছেলে। স্থানীয়রা জানান, শহরের হামদহ এলাকায় একটি ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন শামীমসহ বেশ কয়েকজন। সেসময় ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ফাল্গুনী রানী জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।