নাভারণে আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

0

শার্শা(যশোর)সংবাদদাতা ॥ যশোরের নাভারণের আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন কর্মকর্তার অপসারণ দাবিতে বিড়ি ফ্যাক্টরির মূল গেট বন্ধ করে বিক্ষোভ করেছেন ফ্যাক্টরিতে কর্মরত সব গাড়ির চালক ও তাদের সহকারীরা। বুধবার সকালে তারা তাদের দাবির সমর্থনে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তাদেরকে প্রতিনিয়ত অপমান ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।
তারা বলেন, আকিজ বিড়ি ফ্যাক্টরির জিএম মখলেছুর রহমান রবিউল হোসেন নামে এক চালককে কোন অভিযোগ ছাড়াই গালিগালাজ করে সম্প্রতি চাকরিচ্যুত করেন। এভাবে আরও ৭জন চালককে বিনা কারণে চাকরিচ্যুত করেন কর্মকর্তারা।

এছাড়া মিথ্যে অভিযোগে আরও ৭ জন চালকের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়। এসব ঘটনার প্রতিবাদে চালক ও তাদের সহকারীরা ৯টি দাবি তুলে আকিজ বিড়ি ফ্যাক্টরির পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার সকালে আকিজ বিড়ি ফ্যাক্টরির সব চালক ও তাদের সহকারীরা কর্মকর্তাদের ফ্যাক্টরিতে প্রবেশ করতে বাধা দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় আন্দোলনকারীরা দাবি বাস্তবায়নে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন।