নতুনহাটে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কায় নারীসহ নিহত ২ আহত ২

0

স্টাফ রিপোর্টার ।। যশোর সদরের নতুনহাটে বেনাপোল সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নারীসহ দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা যশোর শহর থেকে বেনাপোল যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন, যশোর শহরের স্টেডিয়ামপাড়ার আব্দুল হকের পুত্র নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান  মিলন (৪০) ও উপশহর সারাথি মিল এলাকার লিটনের স্ত্রী জুই (৩০)।

আহতরা হলেন সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের পুত্র মাসুদ রানা (৪৫) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের পুত্র মামুন (৩২)।

যশোর সদরের নতুনহাটে প্রাইভেট কার দুর্ঘটনার পর উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা – লোকসমাজ

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত  জানিয়েছেন, গত বুধবার  দিনগত  রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-৮১৫৮) যোগে যশোর শহর থেকে বেনাপোল অভিমুখে  যাচ্ছিলেন।  পথের মাঝে নতুনহাট পৌঁছলে রাস্তার পাশে একটি গাছের সাথে প্রাইভেট কারের সজোরে ধাক্কা লাগে। এসময় গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়। আরোহী চারজনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলন ও জুইকে মৃত ঘোষণা করেন।  আহত মামুনের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক খুলনায় স্থানান্তর করেছেন। মাসুদ রানা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ দুটি মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

যশোর সদরের নতুনহাটে বেনাপোল সড়কের দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কারের সম্মুখভাগ চুর্নবিচুর্ন হয়ে যায়- লোকসমাজ