দেশজুড়ে বৃষ্টির দাপট: ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা বাড়ল আরও ২৪ ঘণ্টা

0
সোমবার সকালে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টির কারণে রাস্তায় তৈরি হওয়া তীব্র জলাবদ্ধতা ও যানজটের দৃশ্য।। ছবি: সংগৃহীত
দেশজুড়ে চলমান টানা বৃষ্টির তীব্রতা কমছেই না। আজ সোমবারও সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন সতর্কবার্তা জারি করেছে।
গতকাল রোববার দুপুরে দেওয়া সতর্কবার্তার মেয়াদ শেষ হওয়ার পর আজ বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে।

নতুন এই সতর্কবার্তার আওতাভুক্ত বিভাগগুলো হলো— ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট। সতর্কবার্তায় বিশেষ করে ঢাকা মহানগরে ভারী বৃষ্টির কারণে আবারও তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে নাগরিকদের সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ু অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠার কারণেই বৃষ্টির এই নতুন সতর্কবার্তা জারি করতে হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে, যদিও আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু পুনরায় সক্রিয় হওয়ার কারণে বৃষ্টির দাপট আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছিল রাজধানীতে, যার পরিমাণ ছিল ১৭৫ মিলিমিটার। এছাড়া গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই ৩ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, যার পরিমাণ ১০৭ মিলিমিটার। একই সময়ে বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮, রাজধানীতে ১৩ এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ জানিয়েছেন, আজ সোমবার দেশের উত্তরাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।