দুপুরে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে ভোগান্তি, বিকেলে স্বাভাবিক

0
রোববার দুপুরে বাংলাদেশে ফেসবুকের ডেস্কটপ সংস্করণে প্রবেশের সময় প্রদর্শিত ত্রুটি বার্তা।। স্ক্রিণশট ছবি।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে আজ রোববার দুপুরে বাংলাদেশের ব্যবহারকারীদের একাংশ ভোগান্তিতে পড়েছেন। মূলত ডেস্কটপ বা কম্পিউটার সংস্করণে এই বিভ্রাট দেখা দেয়, যার ফলে ব্যবহারকারীরা লগইন করা, নিউজফিড দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার সম্মুখীন হন।

তবে মোবাইল অ্যাপে এই সমস্যা তুলনামূলক কম দেখা গেছে।

ব্যবহারকারী ও বিভ্রাট পর্যবেক্ষণকারী বিভিন্ন সূত্র জানায়, বেলা দুইটার কিছু আগে থেকে এই সমস্যা শুরু হয়। অনেক ব্যবহারকারী জানান, বেলা আড়াইটার দিকে ডেস্কটপে ফেসবুক খুলতে গেলে ‘অ্যাকাউন্ট টেম্পোরারি আনঅ্যাভেইলেবল’ বার্তা প্রদর্শিত হয়। সেখানে সাময়িক সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না এবং শীঘ্রই সমাধানের আশ্বাস দেওয়া হয়।

বিভ্রাট পর্যবেক্ষণকারী বৈশ্বিক সেবা ‘ডাউনডিটেক্টর’-এও দুপুরে ফেসবুক-সংক্রান্ত অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে দেখা গেছে।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

অনেকেই উল্লেখ করেছেন যে, কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুকের ওয়েব সংস্করণ ঠিকভাবে কাজ না করলেও মোবাইল অ্যাপে স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছে।

বেলা সাড়ে তিনটার পর থেকে ধীরে ধীরে সমস্যার সমাধান হতে শুরু করে এবং ব্যবহারকারীরা পুনরায় ডেস্কটপে ফেসবুক ব্যবহার করতে সক্ষম হন।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, গত মাসের ১২ তারিখেও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল।