মনিরামপুরে কপালিয়া বাজারে গুলি করে হত্যা বরফকল মালিককে

0
নিহত রানা প্রতাপ। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরের কপালিয়া বাজারে এক বরফ কল মালিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রানা প্রতাপ বৈরাগী (৪৩) কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর একমাত্র ছেলে।

তিনি চরমপন্থি দলের নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে কেশবপুর থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানান, রানা প্রতাপ কপালিয়া বাজারে তার মালিকানাধীন বরফ কলে বসেছিলেন। এসময় মোটরসাইকেলে আসা তিন জন তাকে ডেকে পাশে নিয়ে যায় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে কয়েকটি গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মনোহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি সভাপতি আকতার ফারুক মিন্টু জানান, বাজারে অসংখ্য লোকের উপস্থিতিতে খুন হন রানা প্রতাপ। আগে রানা প্রতাপ চরমপন্থি সংগঠনের নেতা ছিলেন। বর্তমান তিনি কপালিয়া বাজারে বরফকলের ব্যবসা করছিলেন।

চেয়ারম্যান আরও জানান, এলাকাবাসীর ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষের হাতেই রানা প্রতাপ হত্যাকান্ডের শিকার হয়েছেন।

হত্যাকান্ডের খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ঘটনাস্থলে যান।

ওসি রজিউল্লাহ খান জানান, রানার মরদেহ উদ্ধার করা হয়েছে, যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে কী কারণে ও কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা তদন্তের আগে বলা সম্ভব নয়।