দলীয় প্রতীকহীন স্থানীয় নির্বাচনে যেকোনো বৈধ প্রার্থী অংশ নিতে পারবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

0
দলীয় প্রতীকহীন স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা থাকা যেকোনো বৈধ প্রার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।। ছবি: সংগৃহীত

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই নির্বাচনে তো কেউ দলীয় পরিচয় বা আওয়ামী লীগ হিসেবে অংশ নিচ্ছে না। নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই; কারণ এবার দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক কোনটিই থাকছে না।

তবে দলীয় প্রতীক না থাকলেও স্থানীয়ভাবে বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি উল্লেখ করেন, উপজেলা বিএনপি সংশ্লিষ্ট ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী নির্ধারণ করে দিতে পারে। দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায় থেকে স্থানীয় বিএনপিকে সব ইউনিয়নে একজন করে একক সমর্থিত প্রার্থী রাখার সর্বোচ্চ চেষ্টা চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো আলাদা অবস্থান নেওয়া হবে না জানিয়ে মীর শাহে আলম আরও বলেন, সরকারের মূল ভূমিকা হবে নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা।

তিনি বলেন, যেহেতু দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না, তাই বৈধ প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রার্থীরা যেন সঠিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে জন্য স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে।