দক্ষিণ-পশ্চিমে শান্তিপূর্ণ অবরোধ পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দিনভর সড়কে অবস্থান, মিছিল আর স্লোগানের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি। বর্তমান সরকারের পদত্যাগ, একতরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিলসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন- নিপীড়ন এবং শাসকদলের সন্ত্রাসীদের তান্ডবের প্রতিবাদে দলটির ডাকা নবম দফার ৪৮ ঘন্টার অবরোধের  সোমবার ছিল শেষ দিন ।
অবরোধের শেষে দিনেও ভোরের আলো ফোটার সাথে সাথে দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের গণতন্ত্রকামী জনতা রাজপথে নেমে আসেন। দিনভর সড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী স্লোগান আর মুক্তির মিছিলের মাধ্যম রাজপথকে প্রকম্পিত করেন তারা। তবে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ তৎপর ছিল। সেই সাথে ছিল শাসকদলের সন্ত্রাসীরা। তবে কোন কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বিএনপির ডাকা নবম দফার অবরোধের শেষ দিনেও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সব রুটে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ছিল।
সোমবার সকাল থেকে অবরোধের সমর্থনে খুলনা মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মিছিল করে। এদিন যশোর সদর উপজেলা বিএনপি সকাল থেকে যশোর-নড়াইল সড়কে এবং দুপুরের পর থেকে যশোর-মাগুরা মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করে। যশোর নগর বিএনপির (১,২ ও ৩) ওয়ার্ড শাখার অঙ্গ ও সহযোগী সংগঠন, নগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথকভাবে শহরের বিভিন্ন সড়কে পৃথকভাবে মিছিল করে। এছাড়া যশোর-বেনাপোল মহাসড়কে যশোর নগর বিএনপির (৭, ৮ ও ৯) ওয়ার্ড শাখার অঙ্গ ও সহযোগী সংগঠন, সদর উপজেলা ছাত্রদল পৃথকভাবে মিছিল করে। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল পৌর সদরের বিভিন্ন সড়কে মিছিল করে। কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল উপজেলা সদরে এবং চৌগাছা- ঝিকরগাছা সড়কে চৌগাছা উপজেলা যুবদল অবরোধের সমর্থনে মিছিল করে।
এদিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে আরাপপুর এলাকায় ঝিনাইদহ জেলা ছাত্রদল অবরোধের সমর্থনে মিছিল করে। মোংলা-মোড়লগঞ্জ সড়কে ভোর থেকে মোংলা থানা বিএনপি এবং মোংলা পৌর এলাকায় পৌর বিএনপি মিছিল করে। এছাড়া মেহেরপুরে সদর উপজেলা বিএনপি উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করে।
কুষ্টিয়া – ভেড়ামারা – বাহাদুরপুর দৌলতপুর সড়কের রামকৃষ্ণপুর মুন্সিরগেটে ভেড়ামারা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে। কুষ্টিয়া – রাজশাহী মহাসড়কের ৭ মাইল এলাকায় মিরপুর উপজেলা যুবদল এবং কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়কে কুষ্টিয়া পৌর যুবদল মিছিল করে।
বিএনপির ডাকে ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনেও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ ছিল। এদিন যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সড়ক-মহাসড়ক কোনটিতেই বাস ছেড়ে যায়নি। দিনভর সেখানে পরিবহন শ্রমিকরা খোশগল্প করে অলস সময় পার করেন। আবার বেনাপোল স্থলবন্দর, নওয়াপাড়া নদী বন্দর, খুলনা শিল্পাঞ্চল কিংবা মোংলা সমুদ্র বন্দরের কোন পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়নি।