তোফায়েল আহমেদ আর নেই

0
আজ সোমবার বেলা সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ।। ছবি: সংগৃহীত

দেশের প্রবীণ রাজনীতিবিদ ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তাঁর জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন বিকেল চারটায় প্রথম আলোকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। পরবর্তী জীবনে মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।