তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

0
তাসনিম জারা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য পদত্যাগী নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন সংবাদমাধ্যমকে জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে মোট ভোটারের ১ শতাংশ স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাসনিম জারা প্রয়োজনীয় ৪ হাজার ৩০০ জনের বেশি ভোটারের স্বাক্ষর জমা দিলেও যাচাই-বাছাইকালে ত্রুটি ধরা পড়ে।

নিয়মানুযায়ী প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়, যেখানে দেখা যায় ১০ জনের মধ্যে ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। নির্বাচনী বিধি অনুযায়ী এই অসঙ্গতির কারণে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংক্ষুব্ধ প্রার্থী হিসেবে আগামীতে আপিল করার সুযোগ পাবেন তিনি।

উল্লেখ্য, ডা. তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার প্রতিবাদে দল থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। হলফনামা অনুযায়ী, ৩১ বছর বয়সী এই চিকিৎসকের বার্ষিক আয় ৭ লাখ টাকার বেশি এবং অস্থাবর সম্পদের পরিমাণ ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তাঁর কোনো স্থাবর সম্পদ বা জমি নেই।