তালায় মৃত্যুর ৫ মাস পর কবর থেকে তোলা হলো গৃহবধূর মরদেহ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার তালায় নাছরিন বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ দাফনের পাঁচ মাস পর আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্যে উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে রায়পুর গ্রামের কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। নিহত নাছরিন বেগম রায়পুর গ্রামের রফিক শেখের স্ত্রী।
মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া নিহতের পরিবারের লোকজন সেখানে ছিলেন।
নিহতের স্বামী রফিক শেখ জানান, জীবন- জীবিকার তাগিদে তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন। স্ত্রী নাছরিন একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। গত ১০ জুন সকালে জানতে পারলাম আমার স্ত্রী মারা গেছেন। আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রীকে গোসল করিয়ে আমার পরিবারের লোকজন কাফন পরিয়ে রেখেছে। আমার স্ত্রীর মৃত্যুর বিষয়টা নিয়ে আমি মানুষিকভাবে ভেঙে পড়ি। তখন গ্রামবাসী আমার স্ত্রীকে জানাজা শেষে কবর দেয়। পরে জানতে পারলাম যেদিন আমার স্ত্রী মারা যান সে রাতে আমার স্ত্রীকে ফোন দেন মাছিয়াড়া গ্রামের আলমগীর গাজী ও আবুবকর গাজী।এতে আমার সন্দেহ হয়।
এ ঘটনায় নিহতের স্বামী রফিক শেখ গত ২৬ জুলাই আলমগীর গাজী, আবুবকর গাজীর নাম উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃত নাছরিন বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।