ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

0
আতিকুর রহমান মুজাহিদ ও শেখ ফজলুল করিম মারুফ ।। ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদকে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশগ্রহণ করবে এবং কোনো জোটে যাবে না।

সভায় দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, মুখপাত্র গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ ও আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম এবং সহপ্রচার সম্পাদক শরীয়াতুল্লাহসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।