ডুমুরিয়ায় ভ্যানে ওড়না পেঁচিয়ে আহত স্কুলছাত্রীর মৃত্যু

0

 

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে আহত স্কুলছাত্রী মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাসানপুর এলাকায়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আন্দুলিয়া গ্রামের জাহিদুুল বিশ্বাসের ছোট মেয়ে খাদিজা আক্তার মিম (১১) শুক্রবার সকালে তার মায়ের সাথে মামা বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে বাড়ি ফিরছিল। ভ্যানটি হাসানপুর ফুটবল মাঠের কাছে আসলে ভ্যানের চাকার সাথে মিমের গলায় ওড়না জড়িয়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসাপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিমের মৃত্যু হয়। খাদিজা আক্তার মিম আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।