ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

0
ছবি: সংগৃহীত।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দেবাশীষ চক্রবর্ত্তী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আতিয়ার রহমান (৫০) গুরুত্বর আহত হয়েছেন। আজ (রোববার) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত দেবাশীষ চক্রবর্ত্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর গ্রামের মৃত মধুসূদন চক্রবর্তীর ছেলে। আহত আতিয়ার রহমান একই উপজেলার জেঠুয়া গ্রামের মৃত মোখতার খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালা উপজেলা থেকে মোটরসাইকেলে তারা দুজন চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আঠারোমাইল বাজার থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওঠার সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী দেবাশীষ চক্রবর্ত্তী ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ঘাতক ট্রাকটি দ্রুত চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত চালক আতিয়ার রহমানকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিমুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।