ডা. জাহাঙ্গীর কবির ও হেলথ রেভল্যুশনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর

0
জীবনরক্ষাকারী ইনসুলিন বন্ধ রেখে বিকল্প ডায়েটের পরামর্শ ও রোগী মৃত্যুর অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তের মুখে ডা. জাহাঙ্গীর কবির।। ফাইল ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ডা. জাহাঙ্গীর কবির এবং তাঁর পরিচালিত প্রতিষ্ঠান ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের নির্ধারিত ইনসুলিন বন্ধ রেখে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণের পরামর্শ দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই পদক্ষপ নেওয়া হলো।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে খবরটি শনিবার (৫ সেপ্টেম্বর) নিশ্চিত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অধিদপ্তর থেকে তদন্ত কমিটি গঠনের অফিসিয়াল আদেশ বা নোটিশ জারি করা হয়। ঘটনার পেছনে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি (হরমোন ও ডায়াবেটিস) বিভাগ থেকে স্বাস্থ্য অধিদপ্তরে দায়ের করা লিখিত অভিযোগকে মূল ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, ইনসুলিন সেবন বন্ধ করিয়ে বিকল্প খাদ্যাভ্যাস ও সাপ্লিমেন্ট পানের পরামর্শ অনুসরণ করার পর রোগীর মৃত্যুর সার্বিক বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমল নেওয়া হয়েছে। পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই নির্দেশ জারি করা হলো।

অধিদপ্তর গঠিত এই তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটিতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে কমিটির সদস্যসচিব মনোনীত করা হয়েছে।