ডাকাতির প্রস্তুতিকালে চৌগাছা পৌর আ.লীগের যুগ্ম সম্পাদকসহ আটক ৪,বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

0

 

স্টাফ রিপোর্টার ॥ ডাকাতির প্রস্তুতিকালে যশোরের চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফাকে ৩ সহযোগীসহ আটক করেছে ডিবি পুলিশ। গত রোববার রাতে যশোর শহরতলীর শেখহাটির হাইকোর্ট মোড় থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি ২টি পিস্তল, ২টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর ই আলম সিদ্দিকী।
আটকরা হলেন, চৌগাছা পৌর এলাকার বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে গোলাম মোস্তফা, চৌগাছা উপজেলার পুড়পাড়ার আবুল খায়েরের ছেলে বর্তমানে চৌগাছা নিরিবিলি পাড়ার জনৈক ইকবালের বাড়ির ভাড়াটিয়া রকি বিশ্বাস, যশোর সদর উপজেলার চুড়ামনকাটির আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহমেদ ও নতুন খয়েরতলার মৃত মোজাহার ম-লের ছেলে মিজানুর রহমান। এর মধ্যে আটক গোলাম মোস্তফা চৌগাছা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আটক গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এছাড়া গোলাম মোস্তফা ও মিজানুর রহমান দুই জনে এক সময় বিশেষ বাহিনীতে কর্মরত ছিলেন বলে ডিবি পুলিশকে জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী বলেন, গত রোববার রাত পৌনে ১২টার দিকে ডিবি পুলিশের এসআই মো. শাহিনুর রহমান ও এসআই বিপ্লব সরকার গোপন সূত্রে জানতে পারেন, কতিপয় দুর্র্বৃত্ত ডাকাতির জন্য শেখহাটি হাইকোর্ট মোড়ে অবস্থান করছেন। এ খবর পেয়ে তারা সেখানে অভিযান চালালে ডাকাতরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। সাথে সাথে ডিবি পুলিশ মাইক্রোবাসসহ (ঢাকা মেট্রো-চ-১৯-২২৯৩) তাদেরকে আটক করে। পরে শরীরে তল্লাশি চালিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে ১টি ও মিজানুর রহমানের কাছ থেকে ১টি পিস্তলসহ ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে।
চৌগাছার একটি সূত্র জানায়, আটক গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িত। ইতঃপূর্বে সাতক্ষীরায় ছিনতাইকালে যশোর ডিবি পুলিশের তৎকালীন এসআই মোশারফ হোসেন এবং গোলাম মোস্তফা পুলিশের হাতে আটক হয়েছিলেন। সূত্র জানায়, গত রোববার রাতে যশোরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় পাচারের সোনা ছিনতাইয়ের জন্য গোলাম মোস্তফা সহযোগীদের নিয়ে অবস্থান করছিলেন। কিন্তু তারা ধরা পড়ে যান ডিবি পুলিশের হাতে।